সাভারে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

দুই দিন বিরতির পর সাভারের তৈরি পোশাক খাতে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। হেমায়েতপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মীরা কারখানায় না ঢুকে রাস্তায় জড়ো হন। একপর্যায়ে ময়লা-আবর্জনায় আগুন ধরিয়ে তারা সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা সরাতে গেলে তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বেলা সাড়ে ১১টার পর রাজফুলবাড়িয়া পয়েন্টে একেএইচসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা এসে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। ফলে ব্যস্ত এ মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বলেন, রাজফুলবাড়িয়ায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে এলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি একযোগে কাজ করছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান নূর জানান, মহাসড়কে শ্রমিকরা বসে পড়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রম আইনের ১৩(১) ধারায় আজ আটটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং আরও অন্তত পাঁচটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন মিয়া জানান, হেমায়েতপুরের পদ্মার মোড়ে একটু ঝামেলা চলতেছে। সেখানে কিছু মানুষ জড়ো হয়েছে। আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

