logo

উরুগুয়ের বিপক্ষে কেন খেলেননি এমি মার্তিনেজ, জানালেন স্কালোনি

উরুগুয়ের বিপক্ষে কেন খেলেননি এমি মার্তিনেজ, জানালেন স্কালোনি
লিওনেল স্কালোনি ও এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: কোলাজ

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে লিওনেল স্কালোনির দল। বিশেষ করে দলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে কেন খেলানো হয়নি, সেই প্রশ্নও উঠেছে। এবার বিষয়টি পরিষ্কার করলেন আর্জেন্টিনা কোচ।

জানিয়েছেন, খেলার মতো অবস্থায় থাকলেও চোট থেকে সেরে ওঠা দিবুকে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি। তবে কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচে একাদশে ফিরছেন এই গোলরক্ষক। একই সঙ্গে আরও চার-পাঁচটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে সোমবার (১৬ নভেম্বর) বুয়েনস এইরেসের এজেইজায় জাতীয় দলের অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে হাজির হন স্কালোনি।

Advertisement

সেখানে উরুগুয়ের বিপক্ষে দিবুকে না খেলানোর কারণ জানতে চাওয়া হলে আর্জেন্টিনা কোচ স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধান্তটি ছিল পুরোপুরি সতর্কতামূলক। চোট থেকে সেরে ওঠার পর তাকে আরও কিছুটা সময় দেওয়াই ভালো মনে হয়েছিল কোচিং স্টাফের।

স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো খেলবে। আগের ম্যাচেও হয়তো খেলার মতো অবস্থায় ছিল, কিন্তু ঝুঁকি ছিল। আমরা জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আস্থা রেখেছিলাম। তাই দিবুকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আরও তিন দিন অপেক্ষা করাই বিচক্ষণ সিদ্ধান্ত ছিল।’

গত ১৭ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান দিবু। চেলসির হয়ে খেলার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে ফাটল ধরে তার। মাঠেই দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় আর্জেন্টাইন গোলরক্ষককে। পরে তার চোয়ালে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিকভাবে দিবুর মাঠে ফিরতে আরও বেশি সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। নভেম্বরের শুরুতেই বিশেষ সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলনে ফিরেছিলেন। জাতীয় দলের অনুশীলনেও অংশ নেন সতীর্থদের সঙ্গে।

তবে উরুগুয়ের বিপক্ষে তাকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নেননি স্কালোনি। পরিবর্তে গোলবারের দায়িত্ব পান জেরোনিমো রুলি।

কোস্টারিকার বিপক্ষে অবশ্য দিবুর ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি। ২০২১ সালের জুনে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৭০ ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। পরের ম্যাচে মাঠে নামলে সেটি হবে আর্জেন্টিনার জার্সিতে তার ৭১তম উপস্থিতি।

দিবুকে ফেরানোর পাশাপাশি একাদশে আরও পরিবর্তনের পরিকল্পনা করছেন স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে হারের পর নতুন কয়েকজনকে সুযোগ দিয়ে তাদের সামর্থ্য যাচাই করতে চান তিনি।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা চার-পাঁচটি পরিবর্তন করব। তবে শেষ অনুশীলনের ওপর অনেক কিছু নির্ভর করবে।’

তবে একাদশে একাধিক পরিবর্তন আনলেও খেলার ধরনে বড় কোনো বদল আনতে চান না স্কালোনি। তার মতে, উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে আর্জেন্টিনার পারফরম্যান্স খারাপ ছিল না। বরং বিরতির পর অল্প সময়ের মধ্যে দুটি গোল হজম করায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দল।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, দল ভালো ম্যাচ খেলেছে। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, সুযোগ তৈরি করেছি এবং বলের দখল রেখেছি। উরুগুয়ে বলতে গেলে কোনো সুযোগই পায়নি। কিন্তু বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল হজম করি। এরপর ম্যাচের পরিস্থিতি বদলে যায়।’

তবে হারের পরও দলের কিছু ইতিবাচক দিক দেখছেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ফুটবলাররা আক্রমণের চেষ্টা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত জুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দিলেও হার এড়ানো সম্ভব হয়নি।

স্কালোনির মতে, ফলাফল প্রত্যাশিত না হলেও সেটি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গড়াই এখন বড় লক্ষ্য।

তার কথায়, ‘ফলাফল আমাদের ভালো লাগেনি। কিন্তু দলের পারফরম্যান্স বিবেচনায় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা যেভাবে খেলতে চাই, সেই পথেই এগোচ্ছি।’

শুধু কোস্টারিকা ম্যাচ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও কথা বলেছেন স্কালোনি। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনাকে নতুন করে সাজাতে হচ্ছে তাকে। একই সঙ্গে চোট ও অন্যান্য কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের অনুপস্থিতিতে বিকল্প খুঁজতে হচ্ছে।

বিশেষ করে ক্রিস্তিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ ফুটবলারদের অনুপস্থিতিতে তাদের ভূমিকা অন্যদের দিয়ে পূরণ করা কতটা কঠিন, সেটিও তুলে ধরেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘যারা নেই, তাদের জায়গা পূরণ করা কঠিন। ক্রিস্তিয়ান রোমেরো বিশ্বের সেরা ফুটবলারদের একজন। লিয়ান্দ্রো পারেদেসের ক্ষেত্রেও একই কথা। তাদের মতো ফুটবলারদের সরাসরি বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। আমাদের তরুণদের সুযোগ দিতে হবে এবং দেখতে হবে কারা সেই দায়িত্ব পালন করতে পারে।’

ভবিষ্যতের দল নিয়ে নিজের পরিকল্পনাও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তার হিসাবে বর্তমানে জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা এবং চোট বা নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকা সম্ভাব্য ফুটবলারদের মিলিয়ে প্রায় ২৪ জনের একটি তালিকা রয়েছে। আগামী কয়েকটি আন্তর্জাতিক বিরতিতে আরও ফুটবলার পরীক্ষা করে সেখান থেকে প্রায় ২০ জনের একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করতে চান।

স্কালোনি বলেন, ‘আমাদের ভালো একটি তালিকা রয়েছে। আগামী দশটি দল ঘোষণার মধ্যে ২০ জনের মতো একটি স্থায়ী ভিত্তি তৈরি করতে চাই। তত দিন খেলোয়াড়দের পরীক্ষা করে যাব।’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দর্শক উপস্থিতি কম হওয়া নিয়েও প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রত্যাশার তুলনায় অনেক কম দর্শক ছিলেন। মেসির বিদায়ের পর জাতীয় দলকে ঘিরে আগ্রহ কমছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

তবে সমর্থকদের পাশে থাকার ব্যাপারে কোনো সংশয় নেই আর্জেন্টিনা কোচের। তার মতে, স্টেডিয়ামে উপস্থিতি কম হওয়ার পেছনে টিকিটের দামসহ আর্থিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

স্কালোনি বলেন, ‘সমর্থকেরা সব সময় জাতীয় দলের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। মাঠে যাওয়ার খরচের বিষয়টিও মানুষ বিবেচনা করে। আমাদের প্রমাণ করতে হবে, এই নতুন অধ্যায়ও তাদের উৎসাহিত করতে পারে। যারা উরুগুয়ের বিপক্ষে মাঠে এসেছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

কোস্টারিকার শক্তিমত্তাকেও খাটো করে দেখছেন না স্কালোনি। ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। পরে অবশ্য ৩-১ গোলে জয় পায় তারা।

সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে স্কালোনি বলেন, কোস্টারিকার ভালো ফুটবলার রয়েছে এবং দলটি বলের দখলে থাকলে কৌশল পরিবর্তন করতে পারে। তাই প্রতিপক্ষের চেয়ে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট