চোখের পাতা লাফায় কেন, জেনে নিন কারণ ও প্রতিকার

অনেকেরই চোখের পাতা লাফানোর সমস্যা আছে। কিছুটা অস্বস্তি হলেও একে তেমন কোনো ক্ষতিকর সমস্যা মনে করা হয় না। হঠাৎ শুরু হয়ে কয়েক মিনিট ধরে চোখের পাতা লাফাতে পারে। কারও ক্ষেত্রে আবার কয়েক কয়েক ঘণ্টা বা কয়েক দিন পর্যন্ত এমন চলতে পারে। বেশির ভাগ সময় এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়। সাধারণত এক চোখের পাতাই লাফাতে থাকে। কিন্তু চোখের পাতা লাফায় কেন? এটি কি কোনো রোগের লক্ষণ নাকি বিপদের ইঙ্গিত? নাকি এর পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো কারণ?
অতিরিক্ত ক্লান্তি, ঘুমের অভাব, মানসিক চাপ, বেশি ক্যাফেইন গ্রহণসহ বিভিন্ন কারণে চোখের পাতা লাফাতে পারে। কিছু ক্ষেত্রে এটি চোখের সমস্যা বা স্নায়ুর সমস্যার লক্ষণও হতে পারে।
চোখের পাতা লাফানোর কারণ কী?
চোখের পাতার পেশি অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হলে চোখের পাতা কাঁপতে থাকে বা লাফাতে থাকে। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাকে ‘আইলিড টুইচিং’ বলা হয়। এর পেছনে কয়েকটি কারণ আছে।
ঘুমের অভাব ও ক্লান্তি
পর্যাপ্ত ঘুম না হলে শরীরের পাশাপাশি চোখের পেশিতেও ক্লান্তি তৈরি হয়। এর ফলে চোখের পাতা কাঁপতে পারে। দীর্ঘ সময় কাজ করা ও বিশ্রামের অভাবও এ সমস্যার কারণ হতে পারে।
মানসিক চাপ ও উদ্বেগ
অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ চোখের পাতা লাফানোর অন্যতম কারণ। মানসিক চাপের প্রভাবে পেশির অনিচ্ছাকৃত সংকোচন হতে পারে। তাই দুশ্চিন্তা বা অতিরিক্ত চাপের সময় এ সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত চা-কফি পান
চা, কফি ও অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় বেশি পান করলে চোখের পাতা কাঁপতে পারে। ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে, যা পেশির অনিচ্ছাকৃত সংকোচনের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।
চোখের ওপর অতিরিক্ত চাপ
দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে। এতে চোখ শুষ্ক হয়ে যায়। ক্লান্তির পাশাপাশি চোখের পাতা লাফানোর সমস্যা দেখা দিতে পারে।
চোখ শুষ্ক হয়ে যাওয়া
চোখে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে অস্বস্তি ও জ্বালাপোড়া তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহার ও কন্টাক্ট লেন্স ব্যবহারের কারণে চোখ শুষ্ক হতে পারে। এ অবস্থায় চোখের পাতা কাঁপতে পারে।
চোখে জ্বালাপোড়া বা অ্যালার্জি
চোখে ধুলাবালু, বাতাস, উজ্জ্বল আলো বা বায়ূ দূষণকারী নানা পদার্থ পড়লে চোখের পাতা লাফাতে পারে। চোখের পাতায় প্রদাহ বা কনজাংটিভাইটিসের মতো সমস্যাও এর কারণ হতে পারে।
ধূমপান ও অ্যালকোহল গ্রহণ
ধূমপান, নিকোটিন ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ চোখের পাতা কাঁপার প্রবণতা বাড়াতে পারে। তাই এসব অভ্যাস নিয়ন্ত্রণ করা জরুরি।
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও চোখের পাতা লাফাতে পারে। পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধসহ কয়েকটি নির্দিষ্ট ওষুধের সঙ্গে এ সমস্যার সম্পর্ক রয়েছে।
চোখের পাতা লাফালে কী করবেন?
সাধারণত চোখের পাতা লাফানোকে তেমন গুরুতর কোনো সমস্যা মনে করা হয় না। তাই এর জন্য বিশেষ চিকিৎসারও প্রয়োজন হয় না। কয়েকটি অভ্যাস পরিবর্তন করলেই এই সমস্যা কমতে পারে।
- প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
- অতিরিক্ত চা ও কফি পান কমিয়ে দিন।
- মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
- অ্যালকোহল ও ধূমপান বর্জন করুন।
- দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে বিরতি নিন।
- চোখ বেশি শুষ্ক হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
- বেশি ধুলাবালিতে গেলে সানগ্লাস ব্যবহার করতে পারেন।
- চোখের পাতা কাঁপতে শুরু করলে হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে চোখের ওপর সেঁক দিতে পারেন।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- কয়েক সপ্তাহ ধরে চোখের পাতা লাফানো বন্ধ না হলে।
- প্রতিবার কাঁপার সময় চোখের পাতা পুরোপুরি বন্ধ হয়ে গেলে।
- চোখ খুলতে অসুবিধা হলে।
- চোখ লাল হয়ে গেলে, ফুলে গেলে বা অস্বাভাবিক তরল বের হলে।
- চোখের পাতা ঝুলে পড়লে।
- চোখের পাশাপাশি মুখের অন্য অংশ বা শরীরের অন্য পেশিও কাঁপতে থাকলে।
- আক্রান্ত স্থানে দুর্বলতা বা শক্তভাব অনুভূত হলে।


