logo

কুমিল্লা সীমান্তে নারীসহ আটক ৭

কুমিল্লা সীমান্তে নারীসহ আটক ৭
কুমিল্লায় বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক ও পাচারকারী। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির কুমিল্লা সেক্টর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

Advertisement

আটকরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণগঞ্জ গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)। এর মধ্যে শরিফুল মাদক পাচারের পাশাপাশি মাদক ও ভারতীয় কসমেটিকস চোরাচালানের সঙ্গেও জড়িত।

আটক বিদেশি নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে এই অভিযান চালান। এতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযানে ছয়জন তালিকাভুক্ত মানব পাচারকারী ও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।