logo

পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার পর পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে এ রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Advertisement

সাতক্ষীরা শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গোপালগঞ্জের বিভিন্নস্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকে ওই রুটে আর বাস পাঠানো হয়নি।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলেছে। তবে এতে যাত্রার সময় বেড়ে যাচ্ছে।

হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস বৃহস্পতিবার সকালে বলেন, আজ সকাল থেকে কোনো পরিবহন ছেড়ে যায়নি। সমস্যা সমাধান হলে আবার বাস চলাচল চালু হবে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন বলেন, বুধবার সকালে আমাদের কয়েকটি গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে গেছে। কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ হওয়ায় দুপুর থেকে ওই রুটে আর গাড়ি পাঠানো হয়নি।

এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান বলেন, নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সব পরিবহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার থেকে বিকল্প পথে ফেরিঘাট হয়ে কিছু গাড়ি ঢাকায় যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়বে না।

আজ ঢাকায় একটি জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল প্রোকন কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমানের। তিনি বলেন, আজ ঢাকায় প্রধান কার্যালয়ে জরুরি মিটিং আছে। কাউন্টারে এসে দেখি কোনো গাড়িই ঢাকায় যাচ্ছে না। এখন কীভাবে পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আরেক যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, জরুরি কাজে আজই ঢাকায় যেতে হতো। কাউন্টারে এসে জানলাম, পদ্মা সেতু হয়ে কোনো বাস যাবে না। বিকল্প পথে সময় বেশি লাগবে, আবার পথে কী পরিস্থিতি হয়, সেই ভয়ও আছে।

পরিবহন শ্রমিকেরা বলছেন, দূরপাল্লার কোনো বাস ক্ষতিগ্রস্ত হলে মালিকদের বড় আর্থিক ক্ষতির পাশাপাশি চালক ও সহকারীদের জীবনও ঝুঁকিতে পড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে বাস চালাতে তাঁরা অনাগ্রহী। সড়কে নিরাপত্তা নিশ্চিত হলে এ রুটে বাস চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল মো. শাহীনুর চৌধুরী বলেন, সাতক্ষীরা বাস চলাচলে নিরাপত্তার কোন সমস্যা নেই। তবে ঢাকা যাওয়ার পথে কিছু জায়াগায় নিরাপত্তা সমস্যার কারনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।