গাজীপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী পোশাককর্মী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে কথাবার্তার একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখে। এ সময় তাদের মারধর করে এবং ২০ হাজার টাকা দাবি করে। পরে ওই সুপারভাইজারকে ছেড়ে দিয়ে চারজন মিলে পোশাককর্মীকে ধর্ষণ করা হয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে সেখান থেকে তাকে উদ্ধার করেন।
পরবর্তী সময়ে বুধবার সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





