logo

লর্ডসে বাংলাদেশের জন্য আরেক ঐতিহাসিক ম্যাচ, এবার প্রতিপক্ষ নেপাল

লর্ডসে বাংলাদেশের জন্য আরেক ঐতিহাসিক ম্যাচ, এবার প্রতিপক্ষ নেপাল
ঐতিহাসিক লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ছবি: কোলাজ

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ১৭ বছর পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর একই মাঠে আরেকটি ইতিহাস গড়বে টাইগাররা। এবার প্রতিপক্ষ নেপাল। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের পুরুষ দল। শুধু বাংলাদেশ নয়, নেপালের জন্যও ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক। কারণ, লর্ডসে প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের মুখোমুখি হবে নেপাল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ম্যাচের ঘোষণা দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী বছরের ৩ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ইংল্যান্ড সফরে নেপালের জন্য এমসিসির আয়োজিত ছয় ম্যাচের বিশেষ আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি।

Advertisement

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আনুষ্ঠানিকভাবে ম্যাচটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএএন) সভাপতি চতুর বাহাদুর চাঁদ।

বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব অন্যরকম। লর্ডসে এর আগে টেস্ট ও ওয়ানডে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কখনো মাঠে নামেনি বাংলাদেশের পুরুষ দল। ফলে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই সেই অপেক্ষার অবসান হবে।

তবে বাংলাদেশের নারী দল এরই মধ্যে লর্ডসে টি-টোয়েন্টি খেলেছে। চলতি বছরের জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিগার সুলতানার দল। এবার প্রথমবারের মতো সেই অভিজ্ঞতা হবে বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের।

নেপালের জন্যও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। তবে লর্ডসে এটি তাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়। ২০১৮ সালে এমসিসি ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে লর্ডসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল নেপাল।

সেই হিসাবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হবে এই মাঠে নেপালের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে লর্ডসে এটিই তাদের প্রথম ম্যাচ।

শুধু বাংলাদেশ-নেপালের ম্যাচই নয়, একই দিনে আরেকটি ইতিহাসের সাক্ষী হবে লর্ডস। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর মাঠে গড়াবে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ।

লর্ডসের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে পুরুষদের একটি আন্তর্জাতিক ও একটি ঘরোয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে মিডলসেক্সের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি প্রকাশের পর সেটি জানা যাবে।

বাংলাদেশ-নেপাল ম্যাচের শুরুর সময়ও এখনো ঘোষণা করা হয়নি। এমসিসি জানিয়েছে, দুই দেশের দর্শকেরা যেন টেলিভিশনে সরাসরি খেলা দেখতে পারেন, সেটি বিবেচনায় রেখেই সময় নির্ধারণ করা হবে।

এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এমসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক আন্তর্জাতিক টি-টোয়েন্টির অংশ হতে পেরে আমরা আনন্দিত।’

লর্ডসে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগের পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর টেস্ট খেলতে ফেরার বিষয়টিও উল্লেখ করেছেন তামিম। তাঁ মতে, অল্প সময়ের ব্যবধানে দুটি আন্তর্জাতিক ম্যাচ আগামী বছরকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।

এমন সুযোগ তৈরি করে দেওয়ায় এমসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি।

আগামী ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচটি শেষ হওয়ার নির্ধারিত দিন ১ জুন। এরপর মাত্র দুই দিনের বিরতিতে ৩ জুন নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এর আগে সর্বশেষ ২০১০ সালে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল। একই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সেই সম্মান পেয়েছিলেন পেসার শাহাদাত হোসেনও।

১৭ বছর পর সেই মাঠে বাংলাদেশ দলের ফেরার সঙ্গে তাই তামিমের ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে। এবার ক্রিকেটার হিসেবে নয়, বিসিবি সভাপতি হিসেবে লর্ডসে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন তিনি।

বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্কও সাম্প্রতিক সময়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। আগামী বছরের মার্চেই নেপাল সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে ম্যাচ তিনটি আয়োজনের সূচি রয়েছে। সেটিই হবে নেপালের মাটিতে বাংলাদেশের পুরুষ দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট