logo

আফগান লিগে দল পেলেন সাকিব-নাহিদ

আফগান লিগে দল পেলেন সাকিব-নাহিদ
আফগান লিগে দল পেয়েছেন সাকিব ও নাহিদ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। দীর্ঘ আট বছর পর ফিরতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফটে ভিন্ন দুটি দলে জায়গা হয়েছে তাদের। আয়োজকদের প্রকাশিত ঘোষণার তথ্য অনুযায়ী, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবকে দলে নিয়েছে নানগারহার কসমিক। অন্যদিকে তরুণ গতিতারকা নাহিদকে বেছে নিয়েছে টিম পাকতিয়া। দুজনকেই ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাই। ডায়মন্ড ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে সাকিব ও নাহিদকে বেছে নেওয়ার কথা জানায় আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে তাদের দল পাওয়ার খবর প্রকাশ করা হয়।

নাহিদকে দলে নেওয়ার ঘোষণায় এপিএলের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, বাংলাদেশের তরুণ পেসারকে ডায়মন্ড ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে বেছে নিয়েছে টিম পাকতিয়া। একই রাউন্ডে নানগারহার কসমিকের হয়ে সাকিবের নামও ঘোষণা করা হয়।

এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছিল। প্লাটিনাম ও ডায়মন্ড, এই দুই ক্যাটাগরিতেই ছিলেন দশজন। সাকিব ও নাহিদের সঙ্গে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।

অন্যদিকে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বিদেশি ক্রিকেটারদের তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস ও সিকান্দার রাজার মতো পরিচিত তারকারাও ছিলেন।

এবারের ড্রাফটের জন্য দেশি-বিদেশি মিলিয়ে প্রায় দেড় হাজার ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৪৬২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। তাঁদের মধ্য থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পেয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।

এবারের প্রতিযোগিতায় নানগারহার কসমিকের নেতৃত্বে থাকবেন আফগানিস্তানের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ফলে দলটির হয়ে মাঠে নামতে পারলে গুরবাজের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করবেন সাকিব। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন টবি রেডফোর্ড। মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মার্ক বাউচার।

অন্যদিকে নাহিদের দল পাকতিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। দলটির কোচিং প্যানেলেও রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত কয়েকজন মুখ।

প্রধান কোচের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। ফলে পাকতিয়ার হয়ে মাঠে নামতে পারলে অভিজ্ঞ এই দুই সাবেক ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন নাহিদ।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত সেই প্রতিযোগিতায় পাঁচটি দল অংশ নিয়েছিল। মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন বালখ লিজেন্ডস ফাইনালে কাবুল জাওয়ানানকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট