কলকাতায় চাকরির প্রলোভন, সীমান্তে এসে সর্বস্ব হারালেন মা-মেয়ে

ভারতের কলকাতায় আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্তে নিয়ে আসা হয় এক মা ও তার মেয়েকে। অভিযোগ, সীমান্ত পার করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা। পরে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
আটক দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের মেহেরুন বিবি (৭০) ও তার মেয়ে রাফেজা বিবি (৪৫)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতায় ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে খুলনার এক স্থানীয় দালাল তাদের জৈন্তাপুর সীমান্তে নিয়ে আসেন। সীমান্ত পার করে দেওয়ার উদ্দেশ্যে সেখানে স্থানীয় আরেক দালালের কাছে তাদের হস্তান্তরের কথা ছিল। শনিবার সকালে ডিবিরহাওর বিওপির একটি নিয়মিত টহল দল তাদের ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে দালাল চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যান।
ভুক্তভোগী রাফেজা বিবি জানান, ভারতে চাকরির কথা বলে দালালরা তাদের এখানে নিয়ে আসেন। বিজিবির টহল দলকে আসতে দেখে দালালরা তাদের সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের জৈন্তাপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা থেকে আসা ওই দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জৈন্তাপুরের স্থানীয় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





-77a6bf-720x405.webp)
