পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও হিমেল বাতাসে শীতের অনুভূতি বেড়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জেলার পথঘাট। ভোরে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে কাজের সন্ধানে সকালে বাইরে বের হতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ইজিবাইকচালক আসির উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে সকাল থেকে খুবই ঘন কুয়াশা। আজকে কিছুটা কমেছে কুয়াশা। তবে সকালবেলা ইজিবাইক নিয়ে বের হলে খুব কষ্ট হয়। ঠান্ডায় মনে হয় হাত পা জড়ো হয়ে আসে। খোলা ভ্যান হওয়াতে সকালবেলা ইনকাম কমে গেছে।’
আটোয়ারী উপজেলার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা হালকা কুয়াশা পড়ে। রাত যত গভীর হয় ততই কুয়াশা পরিমাণ বাড়তে থাকে। গত কয়েকদিন রাতভর বৃষ্টির মত ঝরেছে কুয়াশা। সকাল বেলা কৃষিকাজে গেলে খুবই কষ্ট হচ্ছে। ঠিকমত কাজ করা যায় না।’
তবে চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝরছে। আস্তে আস্তে করে শীত বাড়তে থাকবে।’






