logo

চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান নাজমুল হক বিশারু। বাড়িতে ঢোকার পরপরই বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে আটক করেন। তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হন বিশারু। পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট