logo
৫ মাসের অপেক্ষার অবসান

ঢাবি সাংবাদিকদের ওপর হামলা মামলার তদন্ত প্রতিবেদন জমা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলা মামলার তদন্ত প্রতিবেদন জমা
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি সংবাদ সম্মেলনে কথা বলছেন। ছবি: এশিয়া পোস্ট

মাত্র তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দীর্ঘ পাঁচ মাস পর আলোর মুখ দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর হামলার তদন্ত রিপোর্ট। শাহবাগ থানার চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবশেষে জমা দেওয়া হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবি সাংবাদিক সমিতি) প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন আজ জমা পড়েছে। পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের জন্য এটি ইতোমধ্যেই সিন্ডিকেটে পাঠানো হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্যের সঙ্গে এই সাক্ষাতের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ক্ষোভ ও সংশয় প্রকাশ করে বলেন, আমাদের ওপর হামলার প্রায় পাঁচ মাস পর আজ তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়তে দেখলাম। আমাদের ধারণা, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেই চাপে পড়েই হয়তো প্রশাসন এত দিনে এই প্রতিবেদন জমা দিতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি, আসন্ন সিন্ডিকেট সভায় এই তদন্ত রিপোর্টটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হোক।