প্রক্টর অফিসে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান, কার্যালয়ে তালা দেওয়ার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রশাসনের পদক্ষেপ জানতে ও বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত হয়ে গৃহীত পদক্ষেপের সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের দুর্ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানতেই তারা প্রক্টর কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে প্রক্টরকে না পেয়ে তারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন।
কর্মসূচি পালনকারী বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ইসরাত জাহান ইমু বলেন, ‘এক ঘণ্টার মধ্যে প্রক্টরকে কার্যালয়ে উপস্থিত হয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সুস্পষ্ট জবাব দিতে হবে। অন্যথায় প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।’
