রমনা ও কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী ও মাদকসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) স্পেশাল সাপোর্ট গ্রুপ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন মো. ইব্রাহীম (৩২), মিঠু মোল্লা (৩০), মো. আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল (৩৩), মো. মনির ইসলাম (১৯), রাকিব (১৭), রাশেদুল (২৫), মো. ইমরান (২১), মো. নিহাদ (১৯) ও ১০. মো. ইব্রাহিম (৩০)। এদের মধ্যে ২ জন মোবাইল ছিনতাইকারী এবং ৮ জন মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।
এসআরইউ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, ৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

