উত্তরায় ফলের আড়তে আগুন, ৫৫ লাখ টাকার ক্ষতি

রাজধানীর উত্তরায় আগুনে পুড়েছে ফলের আড়তের ৩৫টি দোকান। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ৫৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উত্তরা ১০ নম্বরের সেক্টরের স্লুইসগেট এলাকার বিসমিল্লাহ নামের ওই ফলের আড়তে এ ঘটনা ঘটে৷ পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিটে লাগা আগুনে নিমিষেই বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ধোঁয়া উত্তরা এলাকায় ছড়িয়ে পড়ে।
ফলের আড়তের ব্যবসায়ীরা জানান, দুপুরের খাবারের সময়ে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যেই অনেকগুলো দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের মালামালসহ টাকা পয়সাও পুড়ে যায়।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা দুপুর ১টার দিকে ফলের আড়তের অগ্নিকাণ্ডের খবর পাই। পরে তিনটি ইউনিট গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
এক প্রশ্নের জবাবে আলম হোসেন বলেন, ‘আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। আমাদের চেষ্টায় আরও পাঁচ শতাধিক দোকান রক্ষা পেয়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’







