কামরাঙ্গীরচরে খুন, সিসিটিভি দেখে রক্তমাখা ছুরিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের মাত্র চার ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার নূরবাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



