logo

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিট থেকে রাত পৌনে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়।

এ ছাড়া মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ কার্যালয়ের সামনে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একের পর এক এসব বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। ফলে সেখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

একই রাতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে এবং আটক ব্যক্তির সংশ্লিষ্টতা কী- তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।