মেয়ের বিয়ের দিনে জামাইয়ের হাতে শ্বশুর খুন

ছোট মেয়ের বিয়ের দিন বড় মেয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের মারধরের শিকার হয়েছেন শ্বশুর মোতালেব হোসেন (৬০)। বড় মেয়েকে মারধর করতে দেখে প্রতিবাদ করায় তার মাথায় মেহগনিগাছের ডাল দিয়ে আঘাত করেন জামাই। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন একই ইউনিয়নের ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত জামাই আনোয়ার হোসেন (৩৫) নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে সকাল সাড়ে সাতটার দিকে তিনি বড় মেয়ে ও জামাই আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, আনোয়ার মেহগনিগাছের ডাল দিয়ে তার মেয়েকে মারধর করছেন। এ সময় তিনি প্রতিবাদ করলে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হাতে থাকা মেহগনিগাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে উঠানে লুটিয়ে পড়েন।
পরে গ্রামবাসীর সহায়তায় বড় মেয়ে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌগাছা থানার ইন্সপেক্টর নুরুল আমিন শিকদার বলেন, ছোট মেয়ের বিয়ের দিন বড় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে মারধরের শিকার হন মোতালেব হোসেন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।







