ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় আরেক কিশোর পুলিশ হেফাজতে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় জড়িত আরও এক কিশোরকে হেফাজতে নিয়েছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেয়।
গত ১৫ ফেব্রুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাজলার স্কুল গলিতে ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় এর আগে এক কিশোরকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন বন্ধুসহ মাহিম যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট বিষয়ে আলোচনা করতে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে কাজলারপাড় স্কুল গলিতে তিন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।
মাহিম পথরোধের কারণ জানতে চাইলে তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে একটি সুইচ গিয়ার (চাকু) বের করে মাহিমের বাম পায়ের হাঁটুর ওপরে দুটি এবং ডান পায়ের হাঁটুর ওপরে একটি গভীর জখম করে।
গুরুতর আহত অবস্থায় মাহিমকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় ১৬ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা রুজু হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত এক শিশুকে শনাক্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে সোমবার (১১ মে) ভোরে কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তার খালার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবির বাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আরও এক শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশ হেফাজতে নেওয়া শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।
