logo

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর
হাফেজ আকিকুল ইসলাম ও হাফেজ রাকিবুল ইসলাম। ছবি: মাদ্রাসা সৌজন্যে

মাত্র ১৮ মাসে পুরো পবিত্র কোরআন মুখস্থ করেছেন ঢাকার খিলক্ষেতের আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী।

তারা হলেন হাফেজ আকিকুল ইসলাম (১০) ও হাফেজ রাকিবুল ইসলাম (১১)। আকিকুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর। তার বাবা মো. কামরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। বর্তমানে তারা খিলক্ষেত নেভি কলোনিতে বসবাস করেন। হাফেজ রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর। তার বাবা মো. নজরুল ইসলাম প্রবাসে থাকেন।

Advertisement

মাদ্রাসা সূত্রে জানা যায়, হাফেজ আকিকুল ইসলাম মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন। বিশেষ করে হেফজের শেষ আট মাসে সে মুখস্থ করেছে ১৭ পারা। অন্যদিকে, হাফেজ রাকিবুল ইসলামও মাত্র ১৮ মাসে হিফজ সম্পন্ন করেছেন। শেষ আট মাসেই সে মুখস্থ করেছে ১৮ পারা কোরআন।

তাদের সাফল্যে আনন্দিত মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী। মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা ইসহাক কামাল বলেন, ‘পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। অল্প বয়সে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন অত্যন্ত আনন্দের। তাদের মেধা, একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল এই সাফল্য। আমরা আশা করি, তারা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।’

মাদ্রাসার সভাপতি আলহাজ এস.এম. ফজলুল হকের প্রত্যাশা, এসব নবীন হাফেজ ভবিষ্যতে কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি খিলক্ষেতের সর্বস্তরের জনসাধারণকে মাদ্রাসার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখারও আহ্বান জানান।

চলতি বছর আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্নকারী মোট ২৩ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে। মাদ্রাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পাগড়ি পরিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা লোকমান মাযহারী, জামিয়াতুল মানহাল আল-কওমিয়ার মুহাদ্দিস মাওলানা আদনান মাসউদ, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং খিলক্ষেত বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম কাসেমী প্রমুখ।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট