বৃষ্টিতে জলাবদ্ধতা: দ্রুত পানি নিষ্কাশন ও ফুটপাত সচলের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

ভোররাত থেকে হওয়া টানা মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সৃষ্টি হওয়া সাময়িক জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা, পলাশী মোড় ও নিউমার্কেট ঘুরে দেখেন এবং বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রম সরাসরি তদারক করেন।
ডিএসসিসি সূত্র জানায়, ভোর ৪টা থেকে বজ্রসহ ভারী বর্ষণ শুরু হলে কিছু এলাকায় জমে থাকা পানি সরাতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ শুরু করে। ড্রেনের মুখ পরিষ্কারের পাশাপাশি জমে থাকা ময়লা অপসারণ এবং পাম্পিংয়ের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে কাজের গতিতে কিছুটা শিথিলতা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ফজরের সময় থেকেই কর্মীদের পুরোদমে মাঠে নামার নির্দেশনা থাকলেও তা শতভাগ বাস্তবায়িত হয়নি। সারারাত বৃষ্টির কারণে কাজে সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু বৃষ্টি কমার পর যেভাবে গতি আসার কথা ছিল, তাতে গাফিলতি দেখা গেছে। এ ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যকে দায়ী করে তিনি আরও বলেন, অসচেতনভাবে রাস্তায় ফেলা পলিথিন, প্লাস্টিকের বোতল ও চায়ের কাপ ড্রেনের মুখ আটকে দেয়, ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়।
সড়কের ওপর অবৈধ হকার উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসক জানান, কোনো অবস্থাতেই সড়কের ওপর দোকান বসতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে না— এমন কিছু বড় ফুটপাতে নিয়ম মেনে হকারদের বিষয়ে পরবর্তীতে হকার নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
