মোহাম্মদপুরে ১০ মামলার আসামি লারা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া ও বিভিন্ন অপরাধে ১০ মামলার আসামি মো. রিপন সিকদার ওরফে লারাকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি।
রোববার (৮ নভেম্বর) রাতে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।
এম মুবীন রহমান তাপস জানান, শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে অভিযান চালিয়ে এসআরবি-২-এর একটি দল অভিযান চালিয়ে লারাকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাজমহল রোড এলাকায় এক চিহ্নিত ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে এসআরবি-২। পরে সেখানে অভিযান চালিয়ে রিপন সিকদার ওরফে লারাকে গ্রেপ্তার করা হয়।
মেজর তাপস জানান, রিপন মোহাম্মদপুর এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স ও অপরাধসংক্রান্ত রেকর্ড) যাচাই করে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেএমপির দৌলতপুর থানা ও ঢাকার সাভার থানায় দুটি মাদক মামলা, মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা এবং ডিএমপির মোহাম্মদপুর থানায় দুটি ও মিরপুর মডেল থানায় একটি ছিনতাই চেষ্টার মামলা রয়েছে।
এ ছাড়া কেএমপির শাহজাহানপুর থানায় একটি চুরির মামলা এবং ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-২।

