logo

দুর্গাপূজায় ৪১৮ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা, মাঠে এসআরবি-১

দুর্গাপূজায় ৪১৮ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা, মাঠে এসআরবি-১
সংবাদ সম্মেলনে কথা বলছেন এসআরবি-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান। ছবি: এশিয়া পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৪১৮টি পূজামণ্ডপ ঘিরে তিন স্তরের নিটোল নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

মণ্ডপগুলোর ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, মোটরসাইকেল প্যাট্রোলিং এবং পিকআপ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুজব ছড়ানো ও যেকোনো ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে ব্যাটালিয়নটির সাইবার মনিটরিং সেল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসআরবি-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান সাংবাদিকদের এসব তথ্যাবলি জানান।

তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এবার মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। স্থানগুলোর ঝুঁকি বিশ্লেষণ করে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রথম স্তরে গোয়েন্দা সদস্যদের সাদা পোশাকে নজরদারি, দ্বিতীয় স্তরে মোটরসাইকেল টহল এবং তৃতীয় স্তরে পিকআপে টহলের ব্যবস্থা রাখা হয়েছে।

লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান আরও জানান, পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি বা গুজব তৈরি করতে না পারে, সে জন্য সাইবার সেল ২৪ ঘণ্টা কাজ করছে। এ ছাড়া উগ্রবাদী, চরমপন্থী বা কোনো স্বার্থান্বেষী মহল যেন কোনো প্রকার নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবাইকে এক হয়ে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই; আমরা সবাই বাংলাদেশি এবং সমান নাগরিক অধিকার ভোগ করব।

কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য ব্যাটালিয়নের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো নাশকতার চেষ্টায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।