Advertisement

ঢামেকে কিশোরীর মরদেহ ফেলে পালাল দুই ব্যক্তি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেকে কিশোরীর মরদেহ ফেলে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়ে গেছে দুই ব্যক্তি।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, হাসপাতালের ট্রলিম্যান আব্দুর রউফের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশাযোগে কিশোরীকে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলি আনার পর তারা কিশোরীকে ট্রলিতে তুলে ‘টিকিট কেটে নিয়ে আসছি’ বলে সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার গলায় ফাঁসের দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।