ভাটারায় ১২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. শামীম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ভাটারা থানার বারিধারা জে ব্লকের ১৩ নম্বর সড়কসংলগ্ন প্যারাগন কার সেলস সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) শাহ আলম এ তথ্য জানিয়েছে।
শাহ আলম জানান, অভিযানকালে শামীমের সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে যান। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।
এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি দেশীয়ভাবে তৈরি চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরে এসআরবি-১-এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প)-এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে শামীম ও তার এক সহযোগী পালানোর চেষ্টা করে। এ সময় শামীমকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পালিয়ে যান।
পরে শামীমের হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩২৫টি বোতলে সংরক্ষিত মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে শামীম ও তার পলাতক সহযোগী মাদকগুলো অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে অন্যত্র স্থানান্তরের জন্য সেখানে অবস্থান করছিল বলে জানায়।
এসআরবি জানিয়েছে, জব্দ করা মদ ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


