খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির তক্ষক পাচারকালে আটক ২

খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে জেলা সদরের নারানখাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার মোহাম্মদ আলী (৩২) এবং বড় মেরুং এলাকার মো. মোতাক আহমদ (২৫)। পরে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক মো. মহিদুল ইসলাম বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন।
তিনি জানান, পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তির সঙ্গে থাকা একটি গোলাপি রঙের শপিং ব্যাগের ভেতর থেকে কালো-ধূসর বর্ণের প্রায় সাত ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার করা তক্ষকটি তারা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে তক্ষকটি জব্দ করা হয় এবং দুজনকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৮৮(১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, তক্ষক পাচারের সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। তারা বিভিন্ন স্থানে তক্ষক পাচার করার চেষ্টা করে। এটা মূলত একটি গুজব। আমরা মানুষকে অনুরোধ করব যাতে এসব প্রতারণায় যুক্ত না হয়। উদ্ধার করা তক্ষকটি পরে অবমুক্ত করা হয়েছে।

