ডেমরায় নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

রাজধানীর ডেমরায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি সিটিটিসির বরাত দিয়ে জানান, রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে জুয়েল ওরফে ওস্তাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এরপর ডেটোনেটিং কর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



