শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীকে ৮০টি স্বর্ণের বারসহ (প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।
সিআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা রানওয়েতে বিশেষ নজরদারি ও সতর্ক অবস্থান নেন। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) ল্যান্ড করার পর ওই দুই কর্মী সেখানে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহভাজন হিসেবে তাদের তল্লাশি করা হলে জুতার ভেতর ‘বিশেষ কৌশলে’ লুকানো ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
আটক দুই বিমানকর্মীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কাস্টমস গোয়েন্দারা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে কারা জড়িত এবং সোনার চালানটি কার কাছে হস্তান্তরের কথা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত করছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
