logo
Advertisement

৪ হাজার টাকার দলিল লিখতে চাওয়া হয় ৫০ হাজার টাকা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
৪ হাজার টাকার দলিল লিখতে চাওয়া হয় ৫০ হাজার টাকা
তেজগাঁও সাব-রেজিস্ট্রি কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

বিভিন্ন অনিয়মের অভিযোগে সাধারণ মানুষের বেশে রাজধানীর তেজগাঁও সাব-রেজিস্ট্রি কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দলিল লেখার জন্য ৪ হাজার টাকা ফি হলেও ৫০ হাজার টাকা চাওয়া হয় বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করে দুদক।

আল আমিন বলেন, আমরা সাধারণ মানুষের বেশে সিভিল ড্রেসে এখানে আসি। দলিলের জন্য তারা মনগড়া রেট দিয়ে থাকে। এখানে একটি সিটিজেন চার্টার আছে। কিন্তু ওই সিটিজেন চার্টার আসলে কেউই সেভাবে মানছে না। আমরা এখানে জেলা রেজিস্ট্রার যিনি আছেন, তার সঙ্গে কথা বলেছি এবং যে সার্ভিসগুলো আছে, সেগুলো কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও কথা বলেছি।

তিনি বলেন, এখানে যারা বিভিন্ন শ্রেণিতে কর্মরত আছেন, তাদের কীভাবে আইডি কার্ড বাধ্যতামূলক করা যায়, সে বিষয়েও কথা হয়েছে। দলিল লেখক, উমেদার, অফিস সহায়ক বা পিয়ন—প্রত্যেকের যাতে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়, যাতে একজন সাধারণ মানুষ এখানে এসে তাদের আইডি কার্ড দেখে অন্তত শনাক্ত করতে পারেন যে তিনি এই অফিসে কর্মরত।

তিনি আরও বলেন, বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। এসব বিষয়ে আমরা মূলত রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো আরও যাচাই-বাছাই করা হবে। আমরা খুব দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব।

আল আমিন বলেন, আমরা এখানে সাধারণ গ্রাহকদের মতো বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি। এখানে আমরা লক্ষ্য করেছি, যারা ঘোরাফেরা করেন—নকলনবিশ, দলিল লেখক এবং অন্যান্য কর্মচারী—কারও কোনো আইডি কার্ড নেই।