logo
Advertisement

উত্তরায় আরও ১ চীনা নাগরিকের মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় আরও ১ চীনা নাগরিকের মৃত্যু
মেরিনো রয়েল হোটেল। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় মদপানে মি. লি নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে জাহু চাও নামের আরেক চীনা নাগরিক পলাতক রয়েছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ২৫ নম্বর বাসার মেরিনো রয়েল হোটেল থেকে তাকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়ার আগে তিনি ওই হোটেলের ২০৩ নম্বর রুমে ছিলেন। যদিও ওই কক্ষটি মি. চাউইউ জাও নামের আরেক চীনা নাগরিকের নামে বুক করা ছিল।

শনিবার রাতে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মি. লি অসুস্থতা বোধ করলে ওই হোটেলের আরেক চীনা নাগরিক জি আকিংকে জানায়। পরবর্তীতে জি আকিং হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এসআই মো. সুমন বলেন, ‘মেরিনো হোটেলে এক চীনা নাগরিক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সরেজমিনে রাত ৯টায় মেরিনো হোটেলে গিয়ে দেখা, উত্তরা পশ্চিম থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে তথ্য ও আলামত সংগ্রহ করছেন।

মেরিনো রয়েল হোটেলের ম্যানেজার (আইটি অ্যান্ড এইচআর) মো. মোদাচ্ছে বলেন, ‘চীনা নাগরিক আরেক চীনা নাগরিকের অসুস্থতার কথা জানান। পরে আমরা একটি অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।’

মোদাচ্ছের আরও বলেন, ‘মি. লি নামের এক চীনা নাগরিকের মৃত্যুর পর থেকে চাউইউ জাও নামের এক চীনা নাগরিক পলাতক রয়েছেন। ২০৩ রুমটি তার নামেই বুক করা হয়েছিল। আর মি. লি তার পরবর্তীতে রুমে ছিলেন।’

এর আগে শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের হোটেল মুনসুন কোর্টি ইয়ার্ড নামের অপর একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।