logo

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় মামলা। পুরোনো ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইন্টারসেকশনে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় ৭ ৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪ ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ডিএমপির প্রকাশিত তথ্যানুযায়ী, ট্রাফিক-উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৫৮টি মামলা নথিভুক্ত করা হয়, যার মধ্যে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেল রয়েছে। মিরপুর বিভাগে মোট ৩৯০টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৬টি বাস, ১১টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি এবং ১৬১টি মোটরসাইকেল। এছাড়া গুলশান বিভাগে ৩৮৫টি (বাস ৫৩, ট্রাক ৯, কাভার্ডভ্যান ১৭, সিএনজি ৪৬ ও মোটরসাইকেল ১১৪) এবং মতিঝিল বিভাগে ৩৮১টি (বাস ১৯, ট্রাক ৩, কাভার্ডভ্যান ১৮, সিএনজি ৮০ ও মোটরসাইকেল ২০২) মামলা করা হয়।

একই সময়ে তেজগাঁও বিভাগে ৩২০টি মামলার মধ্যে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ওয়ারী বিভাগে মোট ৩১২টি মামলা দায়ের করা হয়, যেখানে ২৭টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেল রয়েছে। এছাড়া লালবাগ বিভাগে ১০৭টি (বাস ২, ট্রাক ৬, কাভার্ডভ্যান ২, সিএনজি ১০ ও মোটরসাইকেল ৫৬) এবং রমনা বিভাগে ৯৩টি (বাস ৪, ট্রাক ১, কাভার্ডভ্যান ৬, সিএনজি ৯ ও মোটরসাইকেল ১৮) মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, অনিয়ন্ত্রিত যানবাহন দূর করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করতে ডিএমপির এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।