logo
Advertisement

জমি বন্ধকের টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জমি বন্ধকের টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহ আলীতে জমি বন্ধকের টাকা নেওয়ার জন্য স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানার চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মনিরুল। ঘটনার তিন দিনের মাথায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

এসআরবি কর্মকর্তা এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পরপরই এসআরবি-৪ ছায়া তদন্ত শুরু করে। পরে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন বনানীতে বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন ওই বাসায় ভাড়া ওঠেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে ইন্তেখাব চৌধুরী জানান, গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ওই নারী ৭০ হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকা নেওয়ার জন্য মনিরুল তাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল তাকে নির্যাতন করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এসআরবি কর্মকর্তা আরও বলেন, ওই রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি থেকে মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওই নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন বলে দাবি করেছে এসআরবি। তখন মনিরুল হাতের কাছে থাকা চাকু দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় বাহিনীটি।

হত্যার পর মনিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তের পাশাপাশি মনিরুলকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি-৪।