logo

সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, আইনজীবীসহ হেনস্তার শিকার কয়েকজন

সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, আইনজীবীসহ হেনস্তার শিকার কয়েকজন
সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে উত্তেজনা, আইনজীবীসহ কয়েকজন হেনস্তার শিকার। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ুর মিছিল ও ডিম নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আইনজীবীসহ কয়েকজন হেনস্তার শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এ দৃশ্য দেখা গেছে।

Advertisement

সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে হেনস্তার ঘটনা ঘটেছে। এর মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধর করা হয়। এ ছাড়া আরও অন্তত চারজন হেনস্তার শিকার হয়েছেন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের হাতে।

এদিকে সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামীর সময়’ পত্রিকার প্রতিবেদক মাসুদ রানা। এসময় ফ্যাসিস্টের সহযোগী, আওয়ামী লীগের দালালি করতে এসেছে উল্লেখ করে তাকে হেনস্থা করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

এ ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগান দিতে দেখা গেছে বিএনপিপন্থি আইনজীবীদেরও। এদিকে আদালতে কথা বলতে অনুমতি চান সাঈদ খোকন। তবে অনুমতি মেলেনি।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

তাকে আদালতে হাজির করা হবে জেনে দুপুর থেকেই আদালতপাড়ায় জড় হতে থাকেন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে ঝাড়ু দেখা যায়। তারা লীগ ধর, জবাই কর; লীগ ধর, জেলে ভর; রশি লাগলে, রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে-এমন স্লোগান দিতে থাকেন। তাদের নেতৃত্ব দেন কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম।

বিকেল সাড়ে ৫ টার দিকে সাঈদ খোকনকে বহনকারী মাইক্রোটি আদালতে প্রবেশ করে। এসময় প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, ঝাড়ুর মিছিল করা হয়।

প্রায় ২৫ মিনিট পর সাঈদ খোকনকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় আনা হয়। এসময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ুর মিছিল করে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ৬ টার দিকে তাকে এজলাসে তোলা হয়। মিনিট ছয়েক পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন। বিচারককে এজলাসে দেখে সাঈদ খোকন বলতে থাকেন, আমি কিছু বলতে চাই। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ও আইনজীবীদের কাছে জানতে চান, আমি কি বলবো? এক আইনজীবী তাকে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন।

এরই মাঝে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এজন্য চুল, দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।

তিনি বলেন, এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।

সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিক নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।

মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিউত্তরে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।

এসময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। বলতে থাকেন, মাই লর্ড, কথা বলতে চাই। তবে কথা বলার অনুমতি মেলেনি তার। পরে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।