নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে লোহাগড়া শহরের কালনা-নড়াইল-যশোর মহাসড়কের লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
আহত রবিউল ইসলাম পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম পলাশ মোটরসাইকেলে লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
আহত বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশ অভিযোগ করেন, পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।





