logo

এক যুগ ধরে অচল হাসপাতালের এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা

এক যুগ ধরে অচল হাসপাতালের এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা
এক যুগ ধরে অযত্নে পড়ে রয়েছে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এক্স-রে মেশিন। ছবি:এশিয়া পোস্ট।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক্স-রে করাতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। অথচ হাসপাতালেই রয়েছে সরকারের দেওয়া কয়েক লাখ টাকা মূল্যের এক্স-রে মেশিন। কিন্তু সেই মেশিন আছে সেটা জানা নেই অনেক রোগীর।

কারণ এক যুগ ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে মেশিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এক সময় যেখানে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কথা ছিল, সেখানে এখন জমেছে অবহেলা আর অযত্নের ছাপ।

ফলে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানোর প্রয়োজন হলে রোগীদের ছুটতে হচ্ছে হাসপাতালের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের জন্য এই বাড়তি খরচ হয়ে উঠছে আরও বড় ভোগান্তির কারণ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বাকা গ্রামের মো. নাজমুল হাসান বলেন, আমি কোনো দিনই এই হাসপাতালে এক্স-রে মেশিন দেখিনি। আমি তো মেনেই নিয়েছি, হয়তো উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন দেওয়া হয় না। ডাক্তার থাকেন না, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়।

একই ধরনের ভোগান্তির কথা জানান মো. হোসেন। তিনি বলেন, ভাঙা হাত নিয়ে চিকিৎসা নিতে এসেছি। পুনরায় আবার এক্স-রে করাতে হবে। তাই বাইরে থেকে এক্স-রে করাতে যাচ্ছি।

হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী তারা সরকারি ওষুধ পাচ্ছেন না। জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতেও টাকা গুনতে হচ্ছে। চিকিৎসকের সংকট থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালে এসে চিকিৎসা পাওয়ার পরিবর্তে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

শুধু এক্স-রে মেশিন অচল থাকার অভিযোগই নয়, হাসপাতালটিতে সরকারি ওষুধ না পাওয়া, চিকিৎসকের সংকট এবং জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে টাকা গুনতে হওয়ার মতো অভিযোগও তুলেছেন রোগীরা। সব মিলিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে এসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ।

সরেজমিনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে ভবনে গিয়ে দেখা যায়, ভবনের মূল ফটকে ঝুলছে তালা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একজন কর্মী চাবি নিয়ে এসে তালা খুলে দেন। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে আরও হতাশাজনক চিত্র। এক্স-রে কক্ষের দরজা নেই। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে সরকারের কয়েক লাখ টাকা ব্যয়ে কেনা এক্স-রে মেশিন। মেশিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কক্ষটির পরিবেশ ও মেশিনের অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে সেখানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, নিয়মিত যাতায়াতও নেই কারও। অথচ সরকারি অর্থ ব্যয়ে কেনা এই যন্ত্রপাতি সচল থাকলে প্রতিদিন অসংখ্য রোগীকে হাসপাতাল থেকেই এক্স-রে সেবা দেওয়া সম্ভব হতো।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে মেশিনটি অচল পড়ে থাকলেও তা সচল করার বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। একপর্যায়ে এক্স-রে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হলেও পরে তাকে অন্যত্র বদলি করা হয়। ফলে জনবল ও যন্ত্রপাতি দুইয়ের অভাবেই কার্যত বন্ধ হয়ে আছে গুরুত্বপূর্ণ এই সেবা।

উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের জন্য এ পরিস্থিতি আরও দুর্ভোগের। একদিকে হাসপাতালে এসে চিকিৎসকের অপেক্ষা, অন্যদিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে ছোটাছুটি সব মিলিয়ে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে তাঁদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে বিভিন্ন সময়ে পরিবর্তন এলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। এক যুগের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরীক্ষার যন্ত্র অচল পড়ে থাকা শুধু অব্যবস্থাপনার চিত্রই তুলে ধরে না, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও তদারকি নিয়েও প্রশ্ন তৈরি করে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ শোয়াইবের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট