রাজধানীতে স্কুলের প্রধান ফটকে বোমা সদৃশ দুটি বস্তু

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছে বোমা সদৃশ দুটি বস্তু।
রোববার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী এলাকার সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখা হয়। গভীর রাতে একদল যুবক সেখানে এসে এসব বস্তু রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব বস্তু সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রিফাত এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পলিথিনের ব্যাগে কী ধরনের বস্তু রাখা হয়েছে, তা সরেজমিনে না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’