আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

দেশের চিকিৎসাব্যবস্থার প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশেই অনেক ভালো চিকিৎসা হয়। দেশের চিকিৎসকদের ওপর তার আস্থা রয়েছে এবং তাদের নিয়ে তিনি গর্বিত। নিজের স্ট্রোকের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নিতে গেলেও জ্ঞান ফেরার পর দেশে ফিরে আসতে চেয়েছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, কিছুদিন আগে আমার স্ট্রোক হয়েছিল। ভাগ্যক্রমে আল্লাহর রহমতে এখন কথা বলতে পারছি। আমি কিছুটা ভালো আছি। বিদেশে চিকিৎসা নিয়েছি, তবে আমি সব সময়ই দেশের চিকিৎসার বিষয়ে আনন্দিত এবং গর্বিত। আমার দেশে ভালো চিকিৎসা হয়।
বিদেশে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে। জ্ঞান হারানোর পর দেড় মাস আমি অজ্ঞান ছিলাম। জ্ঞান ফেরার পর দেখি, আমি বিদেশে। চিকিৎসা শেষে যখন জ্ঞান হলো, আমি আর সেখানে থাকতে চাইনি। বলেছি, আমাকে দেশে নিয়ে যাও। আমার দেশের চিকিৎসকেরা আমাকে ভালো জানেন, ভালো বোঝেন। সুতরাং দেশের চিকিৎসাই আমার জন্য ভালো।
দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকেরা যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে ভালো। তারা বিদেশে গিয়ে সুনামের সঙ্গে কাজ করছেন। সুযোগ পেলে দেশের চিকিৎসকেরাও ভালো করবেন বলে বিশ্বাস করি।
চিকিৎসাবিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রয়োজনে বাংলাদেশের চিকিৎসকেরা বিদেশে যাবেন, আবার বিদেশি চিকিৎসকেরাও বাংলাদেশে আসবেন। বিদেশি শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ ও পিজিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এটি আমার কাছে আনন্দের বিষয়।
দেশের চিকিৎসা অবকাঠামোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার জন্য পর্যাপ্ত জায়গা নেই। পিজি, ঢাকা মেডিকেল কলেজ ও বারডেমের মতো প্রতিষ্ঠানগুলো কাছাকাছি অবস্থিত। এসব প্রতিষ্ঠানে জায়গার সংকটের পাশাপাশি শিক্ষার্থীর চাপও বেশি। এখানে জায়গাও কম, শিক্ষার্থী অনেক বেশি। এ জন্য আমাদের এখন থেকেই চিন্তা করতে হবে।
নিজের চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আমি এখনো শিখতে চাই। কিন্তু শেখার জন্য পর্যাপ্ত জায়গা ও সুযোগ থাকা প্রয়োজন।
সিঙ্গাপুরের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, সেখানে হাসপাতাল ও চিকিৎসাসেবার পরিসর অনেক বিস্তৃত। হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে গাড়িতে করে গিয়ে কাজ করতে হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার পরিসর বাড়াতে এখন থেকেই পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। আর কোনো দেশে আমি দেখি নাই। রাজনৈতিক কারণে আমাদের অনেক চিকিৎসকের অভিজ্ঞতা কাজে লাগানো যায়নি।
তিনি আরও বলেন, আজকে বিএনপির ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার পরিচয় দিই। মেডিকেল বইয়ে কি লেখা আছে বিএনপির ডাক্তার? লেখা তো নাই। ডাক্তারকে ডাক্তার থাকতে দিই আমরা।
চিকিৎসকদের পেশাগত পরিচয় ও দক্ষতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে কোনো চিকিৎসকের অভিজ্ঞতা ও যোগ্যতা যেন কাজে লাগানো থেকে বঞ্চিত না হয়। চিকিৎসকেরা যেন কোনো সময় রাজনীতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

