রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়েছে, ক্ষতি হচ্ছে নগরবাসীর: আব্দুস সালাম

রাজনৈতিক কারণে ঢাকা শহরকে দুই সিটি করপোরেশনে ভাগ করার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ঢাকাকে দুই ভাগ করার কারণে নগরীর ক্ষতি হয়েছে। দেশের প্রয়োজনে এবং ঢাকাকে বাঁচাতে নগর পরিচালনার বিষয়গুলো নতুন করে ভাবতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের ড. দুর্গা পি. পাউডিয়াল কনফারেন্স হলে আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) উদ্যোগে ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার তথ্য ও বিভিন্ন দিক নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়।
আব্দুস সালাম বলেন, ঢাকা শহরটাকে দুই ভাগ করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। এটা আমাদের ক্ষতি করেছে। কোনোভাবেই শহরটাকে দুই ভাগ করা ঠিক হয়নি।
তিনি বলেন, একসময় পুরান ঢাকার করের টাকা দিয়ে নতুন ঢাকা গড়ে তোলা হয়েছে। কিন্তু সিটি করপোরেশন ভাগ হওয়ার পর নতুন ঢাকার বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা করের সুবিধা দক্ষিণ সিটি করপোরেশন পাচ্ছে না। এতে পুরান ঢাকার মানুষ বঞ্চিত হচ্ছেন। তাদের জীবনযাত্রার মান ও আর্থিক সামর্থ্যের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
রাজধানীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার বায়ুদূষণসহ নানা সমস্যার সঙ্গে প্রতিদিন মানুষের আগমন, আবাসন ও নাগরিক সুবিধার সংকট জড়িত। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসছেন। তাদের অনেকের থাকার নির্দিষ্ট জায়গা নেই। কেউ ফুটপাতে থাকছেন, কেউ যেখানে খাচ্ছেন সেখানেই ঘুমাচ্ছেন। এমনকি তাদের জন্য পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও নেই।
তিনি বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত দখলের সমস্যা একে অপরের সঙ্গে জড়িত। এসব সমস্যা আলাদাভাবে সমাধান করা সম্ভব নয়। গবেষণা ও আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আব্দুস সালাম বলেন, রিকশা চলাচলের পাশাপাশি এর সঙ্গে যুক্ত মানুষের জীবিকার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। একদিকে নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, অন্যদিকে রিকশাচালক ও মালিকদের জীবিকার বিষয়টিও বিবেচনা করতে হবে। যারা লাইসেন্স নিয়ে রিকশায় বিনিয়োগ করেছেন, তাদের বিষয়েও সমাধান খুঁজতে হবে।
তিনি আরও বলেন, অবৈধ কোনো কার্যক্রমকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। তবে বৈধভাবে রিকশা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় সনদ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদেরও এমনভাবে প্রশ্ন ও আলোচনা করা উচিত, যাতে অবৈধ কার্যক্রম উৎসাহিত না হয় এবং নগরীর প্রকৃত সমস্যাগুলো সামনে আসে।
ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য নাগরিক, সাংবাদিক, গবেষক, রিকশার মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে আলোচনায় যুক্ত করতে হবে। তাদের মতামতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।
সবশেষে ঢাকাকে বাঁচাতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, আসেন, ঢাকাটাকে বাঁচাই। এভাবে ঢাকা বাঁচতেছে না।


