আশুলিয়ার আস্তানায় তৈরি জাল টাকা সরবরাহ হত সারা দেশে

ঢাকার সাভারের আশুলিয়ায় জাল টাকা তৈরির আস্তানার টাকা সারা দেশে সরবরাহ করা হত বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় একটি কারখানার পেছনে অভিযান চালায় এসআরবি।
অভিযানে একটি চক্রের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জের শিবালয়ের সাজ্জাদ হোসেন আকাশ (২৫) ও মো. ইভান রানা (২০), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. মামুন মিয়া (২৪) এবং পটুয়াখালীর মো. নাদিম সর্দার (২০)।
এ সময় বিপুল পরিমাণ জাল নোটের পাশাপাশি একটি ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবির উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা দীর্ঘদিন ধরে একটি বাড়িতে লোকচক্ষুর আড়ালে জাল টাকা তৈরি করে আসছিলেন। পরে এসব জাল নোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
এসআরবি কর্মকর্তা বলেন, চক্রটির সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহকারী ও ডিলারদের যোগাযোগ রয়েছে। তাদের মাধ্যমে আরও কারা জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।


