logo

ঢামেকে ওয়েটিং রুমের পাশ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

ঢামেকে ওয়েটিং রুমের পাশ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৬০ বছর। প্রাথমিকভাবে তারা ভবঘুরে প্রকৃতির বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ও দুপুরে পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬০ বছর। এরপর দুপুর সোয়া ১২টার দিকে একই জায়গায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধারের বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহত দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।