logo
Advertisement

নাগরিকদের গোপন তথ্য বেচাকেনার অভিযোগে যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নাগরিকদের গোপন তথ্য বেচাকেনার অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাসান। ছবি: র‌্যাব সূত্রে পাওয়া

ঢাকার কেরানীগঞ্জে নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও সরবরাহের অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‍্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের ধরান্দী এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।

র‍্যাব কর্মকর্তা তপন সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধানে মেহেদী বিভিন্ন ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইল সিমের মালিকানা তথ্য, কল লিস্ট, লাস্ট কল লোকেশন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, টিআইএন এবং বিকাশ-নগদসহ বিভিন্ন ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের কেনাবেচায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব তথ্য সংগ্রহ করে পরে বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে র‌্যাব।

এএসপি তপন সরকার বলেন, গ্রেপ্তারের পর মেহেদীর ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য পাওয়া যায়। অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মেহেদী ও তার সহযোগীরা ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বেআইনিভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ, স্থানান্তর ও সরবরাহের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ মেহেদীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।