রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

রাজধানীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আরিফ হোসেন, মো. মাহাদী রিফাত ও মো. বাবু।
এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৩টায় যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরইউ সূত্রে আরও জানা যায়, এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন ও মাহাদী রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন সংক্ষিপ্ত বিচার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


