রাজধানীতে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

রাজধানীর হোটেল সোনারগাঁও এলাকায় ট্রাফিক আইন অমান্য করতে বাধা দেওয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় এক নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) এবং রাজু আহম্মেদ (২৯)।
সোমবার (৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানাধীন হোটেল সোনারগাঁওয়ের ভেতরের গেট দিয়ে দুটি গাড়ি প্রধান সড়কে বের হওয়ার চেষ্টা করে। সে সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশে যান চলাচলের সবুজ সংকেত চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরিয়ে নিতে বলেন।
অভিযোগ রয়েছে, নির্দেশনা উপেক্ষা করে একটি গাড়ি জোরপূর্বক সামনে এগিয়ে যেতে থাকে। এ সময় গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এসে দাবি করেন, গাড়িতে ‘ভিআইপি’ রয়েছেন, তাই সেটি পেছানো যাবে না। পরে ট্রাফিক কনস্টেবল আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে আফিয়া কনক নামের এক নারী গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সড়কে ছুড়ে ভেঙে ফেলেন। একই সঙ্গে পুলিশ সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই গাড়িটি আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে ঘটনার মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
