রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে মো. জাহেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহেনকে হাসপাতালে নিয়ে আসা আজিমপুর সরকারি কলোনির নিরাপত্তা ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, দুপুর পৌনে ৩টার দিকে কলোনির পুকুরে গোসল করতে নামে জাহেন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত জাহেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
