রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর উত্তরখানের মো. মিরাজ (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের কাঁচকুড়া ব্যাপারী পাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিরাজের বাড়ি বরিশালে।
রোববার রাতে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।
ব্যাপারী পাড়ার বাসিন্দারা জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা মিরাজকে গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার কারণ, হত্যাকারীদের পরিচয় এবং নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ এশিয়া পোস্টকে বলেন, গুলি করে হত্যার খবর আমরা পেয়েছি। পরে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে ডিসি তারেক আহমেদ বলেন, আমরা হত্যাকারীদের পরিচয় শনাক্ত, হত্যার কারণ খুঁজে বের করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)

