ডেমরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে এসব বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. জুয়েল ভুঞা (২৬)। তিনি নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ছয় ইঞ্চি লম্বা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে তারা খবর পান। এরপর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর বেশি তথ্য আপাতত জানানো সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ও বোমা ডিসপোজাল ইউনিটের কার্যক্রমের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



