যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বিনোদ বিশ্বাস (২৩) নামে এক শিক্ষার্থী।
সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিনোদ বিশ্বাস ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।
নিহতের ছোট ভাই বিধান বিশ্বাস জানান, রাত পৌনে ৯টার দিকে বিনোদ মোটরসাইকেল চালিয়ে শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
