logo

হারিয়ে যাওয়া ৭ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া ৭ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া টাকা বা মূল্যবান সম্পদ ফিরে পাওয়ার ঘটনা খুব একটা শোনা যায় না। তবে শাহজাহানপুর থানা পুলিশের উদ্যোগে এমনই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিল। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নগদ ৭ লাখ টাকা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (১০ জুন) সকালে শাহজাহানপুর থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সবুজবাগের উত্তর বাসাবো প্রেস গলি এলাকার বাসিন্দা কাজী শহিদুল ইসলামের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ মে শাহজাহানপুর থানার একটি বিশেষ টিম দায়িত্ব পালনকালে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ টাকা উদ্ধার করে। টাকা উদ্ধারের পরপরই পুলিশ আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে এবং বিষয়টি আদালতকে অবহিত করে প্রতিবেদন দাখিল করে।

এর কিছুদিন পর কাজী শহিদুল ইসলাম থানায় এসে উদ্ধার হওয়া টাকার মালিকানা দাবি করেন। তবে শুধু মৌখিক দাবির ভিত্তিতে অর্থ ফেরত না দিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেয়। পরে আদালতের নির্দেশনা, পুলিশের তদন্ত এবং মালিকানার পক্ষে উপস্থাপিত প্রমাণাদি যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে উদ্ধার হওয়া অর্থের প্রকৃত মালিক তিনিই।

এরপর আদালতের নির্দেশ মোতাবেক বুধবার শাহজাহানপুর থানা পুলিশ তার হাতে ৭ লাখ টাকা হস্তান্তর করে।

পুলিশ কর্মকর্তারা জানান, নাগরিকের সম্পদ রক্ষা এবং আইনানুগভাবে প্রকৃত মালিকের কাছে তা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালনে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনাটি শুধু পুলিশের দায়িত্বশীলতারই নয়, বরং আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা ও স্বচ্ছতারও একটি উজ্জ্বল উদাহরণ।

হারানো অর্থ ফিরে পাওয়ার পর কাজী শহিদুল ইসলাম বলেন, আমি কখনো ভাবিনি টাকাগুলো আবার ফিরে পাব। শাহজাহানপুর থানা পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।