রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের রূপনগর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। থানা গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানার ছোট আলীর চর গ্রামের মো. হাবিবুর রহমান ও মোসা. আলিয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর রূপনগর থানার সেকশন-৭, ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

