রাজধানীতে থানার ভেতরে ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কম্পাউন্ডের ভেতরে তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিক্ষেপ করা তিনটি ককটেলের মধ্যে একটি থানার গেটের সামনে বিস্ফোরিত হয়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে পল্লবী থানায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানায় কর্তব্যরত একজন এএসআই এশিয়া পোস্টকে বলেন, ককটেল বিস্ফোরণের শব্দে থানা কেঁপে ওঠে। এ সময় ভেতরে থাকা পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। আশপাশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরাও বিস্ফোরণের শব্দ শুনে থানায় ছুটে আসেন।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানা কম্পাউন্ডের দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনের বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ।
তিনি জানান, দুর্বৃত্তরা সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এরও আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসিতে ঢাবি ছাত্রদলের ডকুমেন্টেশন প্রদর্শনী কর্মসূচির পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের বন্ধ গেটসংলগ্ন এলাকায় একটি এবং উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রসংলগ্ন সড়কে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল ফাটাতে গিয়ে একজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
একের পর এক এসব বিস্ফোরণের ঘটনায় রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ এবং সিআইডি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


